গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে রাতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে মিজান বেপারী (৫৩) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে তা থানায় নিয়ে আসা হয়।
নিহত মিজান বেপারী ওই বাড়ির মৃত আবদুল গনি বেপারীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
.png)
চান্দ্রা ইউপি সদস্য আব্দুল কুদ্দুস পিন্টু জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী ও থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাড়ির লোকজন আমাকে জানিয়েছেন, তিনি রাতে ঘরের পাশের গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি গাছ থেকে পড়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।