টাকার বদলে ছাগল নেয়ার সময় প্রাণ গেল বৃদ্ধের
জামালপুরের মাদারগঞ্জে ছেলের পাওনা টাকার বদলে ছাগল নেয়ার মুহূর্তে বাধা দেওয়ার সময় শাহজাহান উদ্দিন ঘন মণ্ডল নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন।
শুক্রবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজনরা জানান, ঘন মণ্ডলের বড় ছেলে বানু মণ্ডলের কাছে জমির হালচাষ বাবদ ৭ হাজার টাকা পেতেন কয়ড়া গ্রামের বজলু কসাই। বারবার তিনি টাকা চাইলেও টাকা দিতেন না বানু মণ্ডল।
.png)
এর জেরে শুক্রবার সকালে বানু মণ্ডলের বাড়িতে আসেন পাওনাদার বজলু কসাই। এ সময় বানু মণ্ডলকে না পেয়ে তার বাড়ির উঠানে থাকা ঘন মণ্ডলের ছাগল নিয়ে রওনা দেন বজলু কসাই।
বিষয়টি দেখতে পেয়ে ছাগলের দড়ি টেনে ধরে বাধা দেন ঘন মণ্ডল। এসময় তিনি স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান পাওনাদার বজলু কসাই ও তার স্ত্রী মর্জিনা বেগম। পরে খবর পেয়ে পুলিশ ঘন মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ঘটনাটি শোনার পর আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মৃতের বড় ছেলে বানু মণ্ডল বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।