চার বছরের শিশু শনাক্ত করল মায়ের খুনিকে
সিসিটিভির ফুটেজ দেখে মা তাছলিমা বেগমের খুনিকে শনাক্ত করেছে চার বছরের শিশু কাজিম আলী। পুলিশকে সে জানায়, তার নানাবাড়ি থেকে আসা মামা তার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছেন। এর আগে মা ও মামা সোফায় বসে গল্প করেন। মায়ের দেওয়া চানাচুর-বিস্কুট খেয়েছেন।
পুলিশ কাজিম আলীর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে শাকিল (২৪) নামে সেই যুবককে বগুড়া সদরের রাজাপুর গ্রাম থেকে আটক করে। শাকিল পেশায় অটোরিকশাচালক। এ ছাড়া তিনি তাছলিমা বেগমের (২৩) বন্ধু এবং প্রতিবেশী চাচাতো ভাই।
শাকিলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজ হাসান।
.png)
তিনি বলেন, আগামীকাল শনিবার ঘটনার বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলের পাশের ভবনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হন সকাল ১০টা ১১ মিনিটে শাকিল ওই বাসায় প্রবেশ করেন। তার অটোরিকশাটি বাসার সামনেই রাখা ছিল। শাকিল হত্যার উদ্দেশ্যেই হাতুড়ি নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। শাকিল ওই বাড়িতে দেড় ঘণ্টা অবস্থান করেন।
পুলিশের একটি সূত্র জানায়, চার বছর বয়সী কাজিম আলী পুলিশকে জানায় তার নানাবাড়ি থেকে এক মামা বাসায় এসেছিল। তাকে মা (তাছলিমা) চানাচুর-বিস্কুট খেতে দেন। সেই মামাই তার মাকে হাতুড়ি দিয়ে আঘাত করেছেন। কাজিম আলী সিসিটিভি ফুটেজ দেখে শাকিলকে শনাক্ত করে। পরে পুলিশ সেই তথ্য ধরে শাকিলকে তার বাড়ি থেকে রাতেই আটক করে।