ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এগোচ্ছে ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-৩’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২৪ অক্টোবর ২০২৩
এগোচ্ছে ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-৩’
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জারি করা হয়েছে নিজস্ব সতর্কতা সংকেত ‘অ্যালার্ট-৩’। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। বন্ধ হচ্ছে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বন্দরের সচিব ওমর ফারুক। তিনি জানান, আবহাওয়া অধিদফতরের সংকেতের উপর নির্ভর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নেবে তা নির্ধারিত আছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যাতে বন্দর চ্যানেল, জাহাজ, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, কার্গো ও কনটেইনারের ক্ষতি না হয় সেই ব্যবস্থা নিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বন্দরের নিজস্ব সতর্কতা সংকেত ‘অ্যালার্ট- ৩’ জারি করা হয়েছে।

পাইলটের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্দরের মেরিন ডিপার্টমেন্ট নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশের সহায়তায় বন্দর চ্যানেল ও জেটি থেকে ছোট বড় সব জাহাজ বহির্নোঙরে কিংবা শাহ আমানত সেতুর পূর্বপাশে পাঠিয়ে দিচ্ছে।

Advertisement

বন্দরের নিজস্ব ছোট জাহাজ-নৌযানগুলো জেটিতে বাঁধা হচ্ছে। কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি), রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেনসহ (আরটিজি) সব কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট পর্যায়ক্রমে প্যাকিং করা হচ্ছে। খালি কনটেইনারগুলো নিচে বা নিরাপদে রাখা হচ্ছে। বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে যাচ্ছে। জেটি, টার্মিনাল ও ইয়ার্ডে পূর্বনির্ধারিত ডেলিভারি কার্যক্রম চলছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘হামুন’ আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের ৩৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছে ১১০ কিলোমিটার পর্যন্ত। এটি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর, কক্সবাজারকে ৬ ও মোংলা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে রাখতে কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!