ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রামে জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জরুরি প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত রয়েছে কন্ট্রোল রুম। উপকূলীয় এলাকার মানুষদের সচেতন করতে চলছে মাইকিং কার্যক্রম। বরাদ্দ করা হয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, উপজেলা পর্যায়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বলেন, দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম চলছে। এছাড়া কোনো জরুরি প্রয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে এবং জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে (+৮৮০২৩৩৩৩৫৭৫৪৫) যোগাযোগের জন্য বলা হয়েছে।
.png)
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-১০) চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর, কক্সবাজারকে ৬ ও মোংলা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।