ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৩০ অক্টোবর ২০২৩
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী মো. আবু তৈয়বকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবু তৈয়ব চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের জাফরাবাদ এলাকার টুনু মিয়ার ছেলে।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহীন আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. আবু তৈয়বকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একইসঙ্গে সাতদিনের মধ্যে মৃত্যুদণ্ডের নথি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় শাহীন আক্তারের দুই মেয়ে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। রায় ঘোষণার সময় আবু তৈয়ব আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

জানা যায়, ২০০৪ সালে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের শাহীন আক্তারের সঙ্গে বিয়ে হয় আবু তৈয়বের। এর আগে শাহীন আক্তারের একবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিয়ের পর স্বামীর বাড়িতে থাকতেন তিনি। শাহীন আক্তারের নামে বৈলতলী ইউনিয়নে একটি বসতভিটা ছিল। সেটি নিজের নামে লিখে দিতে শাহীন আক্তারকে চাপ দিতে থাকেন আবু তৈয়ব। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে বিরোধ চলছিল।

সেই বিরোধের জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি শাহীন আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু তৈয়ব। ঐ সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শাহীন আক্তার। ঘটনার পর আবু তৈয়বকে একমাত্র আসামি করে চন্দনাইশ থানায় হত্যা মামলা করেন শাহীন আক্তারের বাবা নুরুল আলম। মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!