নিষেধাজ্ঞা শেষ, প্রস্তুত উপকূলের জেলেরা
আজ বৃহস্পতিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুত বরগুনা সহ উপকূলীয় জেলেরা। মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এতে স্বস্তি ফিরেছে মৎস্য শ্রমিকদের মধ্যে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে কঠিন সময় পার করেছে উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শুরুর আগে জালে যে হারে ইলিশ ধরা পড়েছে এখন তার চেয়ে বেশি ইলিশ পাবেন।
ট্রলারের মালিক কামাল খাঁন বলেন, আমরা আশাবাদী নিষেধাজ্ঞা শেষে সাগরে ভালো মাছ মিলবে।
.png)
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসির বিপণন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার কারণে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে রাজস্ব আদায় বাড়বে এবং এটি দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাবে। ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে সরকারের দেয়া খাদ্য সহায়তা বরগুনার প্রায় ৪০ হাজার জেলেকে আমরা দিয়েছি। মাছ শিকার করে এতদিনের অর্থনৈতিক দুর্দশা-দৈন্যতা কাটিয়ে উঠতে পারবে।