মানিকগঞ্জে ট্রলিচাপায় প্রাণ গেল ২ কলেজশিক্ষার্থীর
মানিকগঞ্জে মাটি বহনকারী ট্রলির চাপায় ২ কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী ঘোষ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের দেশ গ্রাম এলাকার মো. মেহের আলীর ছেলে সজিব হোসেন (১৯) ও একই এলাকার দেলোয়ার হেসেনের ছেলে মো. রনি হোসেন (১৯)। নিহতরা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, তিল্লি বাজার থেকে মালবাহী ট্রলি দৌলতপুর উপজেলায় ধামশুর যাচ্ছিল। অবৈধভাবে চলাচল করা দ্রুতগ্রামীর ট্রলিটি তিল্লি বাজারের আকাশী ঘোষবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। রনিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শেখ ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রলিচালক মো. রুবেল মিয়াকে আটক করা হয়েছে।