খুলনা বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন।
রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় দুইজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৯৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে সর্বোচ্চ ৫৪ জন খুলনা ও যশোরের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঝিনাইদহে ৫২, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, কুষ্টিয়ায় ৪৯, নড়াইলে ৩১, মাগুরায় ৩০, মেহেরপুরে ২৬, বাগেরহাটে ২০, চুয়াডাঙ্গায় ৩৬ এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ২৬ হাজার ৮১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৩০০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৮৩ জন রোগী। এছাড়া চলতি বছর বিভাগে ৯৯ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জন, যশোরে ১৬, কুষ্টিয়ায় ১৭, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮, ঝিনাইদহে ৯, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৬, নড়াইলে ৫ এবং সাতক্ষীরা ও বাগেরহাটের হাসপাতালে একজন করে মারা গেছেন।
.png)