ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ও রাতে কসবার জয়দেবপুর ও কদমতলী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার কসবা উপজেলার বায়েক ইউপির জয়দেবপুর এলাকার কেরামত আলীর ছেলে মো. সফর আলী, কসবা যমুনা মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. হৃদয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকার নূরু মিয়ার ছেলে মো. রাসেল, মধ্যপাড়া শান্তিবাগ এলাকার আজিজুল হকের ছেলে হাসনাত মারুফ ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার রতন পালের ছেলে কৃষ্ণ পাল।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবার জয়দেবপুর ও রাতে কদমতলী মোড়ে অভিযান চালানো হয়। এ সময় বায়েক ইউপির জয়দেবপুর গ্রামে অভিযান চালিয়ে সারাফত আলীকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাসী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, রাত সাড়ে ৯ টার দিকে কসবা পৌর শহরের কদমতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকসাসহ হৃদয়, রাসেল, মারুফ ও কৃষ্ণকে গ্রেফতার করা হয়। পরে তাদের অটোরিকশা তল্লাসী করে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।