ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বছরে ৮১ হাজার ইঁদুর নিধন করে সেরা সোনাগাজী

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ১১ নভেম্বর ২০২৩
বছরে ৮১ হাজার ইঁদুর নিধন করে সেরা সোনাগাজী
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে ইঁদুর নিধন অভিযানে গত এক বছরে ৮১ হাজার ৬৯৪টি ইঁদুর নিধন করে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি অফিস। 

বুধবার কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইঁদুর নিধন অভিযানে সফল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

‌‘ইঁদুরের দিন হবে শেষ- গড়বো সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর সারাদেশে ইঁদুর নিধন অভিযান পরিচালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক নাছির উদ্দিন।

Advertisement

উপজেলা ক্যাটাগরিতে গত এক বছরে ৮১ হাজার ৬৯৪টি ইঁদুর মেরে চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে সোনাগাজী উপজেলা কৃষি অফিস। একই সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্যাটাগরিতেও গত এক বছরে ১৮ হাজার ৫৭২টি ইঁদুর মেরে চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আজিজ উল্যাহ এবং কৃষক ক্যাটাগরিতেও গত এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ৫৮৯টি ইঁদুর মেরে চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন মঙ্গলকান্দি ইউপির দশপাইয়া গ্রামের কৃষক হোসেন আহাম্মদ।

শ্রেষ্ঠ কৃষক হোসেন আহম্মদ বলেন, দীর্ঘ ৬০ বছর ধরে তিনি কৃষি কাজের পাশাপাশি ইঁদুর নিধন কার্যক্রম চালিয়ে আসছেন। ফসল রক্ষায় তিনি নিজে ইঁদুর নিধনের পাশাপাশি অন্য কৃষকদেরকেও ইঁদুর নিধনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন। গত এক বছরে তিনি ১২ হাজার ৫৮৯টি ইঁদুর নিধন করে চট্টগ্রাম অঞ্চলে দ্বিতীয় হয়েছেন। ইঁদুর নিধন করে তিনি জাতীয়, অঞ্চল ও জেলা-উপজেলায় এ পর্যন্ত প্রায় ১৫ বার পুরস্কার পেয়েছেন।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর কৃষি বিভাগের পক্ষ থেকে ফসল রক্ষায় ইঁদুর নিধন অভিযান পরিচালিত হয়। অভিযানের ওপর ভিত্তি করে অঞ্চল ভিত্তিক চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কৃষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এবার সোনাগাজী উপজেলা চারটি ক্যাটাগরির দুটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। চলতি বছরের ইঁদুর নিধনের তালিকা প্রস্তুত করার কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!