প্রতিশোধ নিতেই রাজিবকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা
যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার রাজিব ওরফে সাজিদ হত্যার ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুরে পাঠানো র্যাব যশোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শুক্রবার গভীর রাতে যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া ও গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বারান্দি মোল্লাপাড়া এলাকার ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ পায়েল ও রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী। নিহত রাজিব পড়াশোনার পাশাপাশি যশোরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় একটি বিপণিবিতানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
.png)
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৯ নভেম্বর রাত ৮টার দিকে পায়েল ও শিমুলসহ কয়েকজন রাজিবকে দোকান থেকে ডেকে পাশের গলিতে চায়ের দোকানে নিয়ে যায়। এরপর সেখানে ছুরিকাঘাত করে তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মামলা করেন রাজিবের বাবা।
ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পায়েলকে এবং গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শিমুলকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছে ইয়ামিন নামে তাদের এক বন্ধুকে রাজিবসহ তার বন্ধুরা মিলে ছুরিকাঘাত করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজিবের ওপর হামলা চালানো হয়েছিল। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।