রোববার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে ১টি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিনদিন যাবত বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।
.png)
এমতাবস্থায় রোববার সকাল ৭টায় কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টায় টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌঁছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করেন। পরবর্তীতে কোস্টগার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জেলেকে জীবিত উদ্ধার করেন।
পরে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয় কোস্টগার্ড। প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে উদ্ধারকৃত সব জেলে সুস্থ রয়েছেন। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিশিং বোটসহ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসা হয়।