ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে লুঙ্গি কিনে প্রতারণা করায় ২ বছরের সাজা, জরিমানা ১০ লাখ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২৩ নভেম্বর ২০২৩
ফেসবুকে লুঙ্গি কিনে প্রতারণা করায় ২ বছরের সাজা, জরিমানা ১০ লাখ
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এক উদ্যোক্তার কাছ থেকে ৩ লাখ ৩২ হাজার ২৮২ টাকার লুঙ্গি কিনে টাকা পরিশোধ না করার অপরাধে একজনকে দুই বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

এরআগে, ২০২০ সালের ২৪ জুলাই সিরাজগঞ্জের বেলকুচি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী।

Advertisement

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমজাদ হোসেন কিরন (৪৪)। তিনি যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের বাসিন্দা।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার বাদীর নাম বুলবুল হোসেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার বাড়ি। বুলবুল লুঙ্গি তৈরি করেন। ফেসবুকের (অনলাইন) মাধ্যমে তিনি লুঙ্গির অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েও থাকেন। আসামি আমজাদ হোসেন ২০২০ সালের মে মাসে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লুঙ্গি নিলেও মূল্য পরিশোধ না করে প্রতারণা করেন।

আদালতে বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দুটি ধারায় এক বছর করে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার প্রতি পাঁচ লাখ টাকা পরিশোধ না করলে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর দুটি ধারার কারাদণ্ড একসঙ্গে চলবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!