ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৬, ২৮ নভেম্বর ২০২৩
চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুলা থেকে সুতা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জালকুঁড়ি কড়ইতলা এলাকায় এস এম ট্রের্ডাসের তাহমিদ রোটর স্পিনিং মিল নামে কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, তুলা থেকে সুতা উৎপাদন করা হতো কারখানাটিতে। ছোট আকারের এ স্পিনিং মিলে পনেরজন শ্রমিক কাজ করেন। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শ্রমিকদের কেউ হতাহত হয় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তুলা কারখানায় একটি অংশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়। ততক্ষণে ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

কারখানাটির ক্ষতিগ্রস্ত মালিক হাফেজ হাফিজুর রহমান জানান, সুতার দাম বাড়লে বিক্রি করবে সেই আশায় তার কারখানায় অনেক টাকার মাল মজুত করে রাখা ছিল। এই মালামাল বিক্রি করে তার বকেয়া থাকা ১৫ লাখ টাকার বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল। কিন্তু আগুনের ঘটনায় তিনি নিস্ব হয়ে গেছেন।

Advertisement

অগ্নিকাণ্ডের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, কারখানাটিতে প্রচুর পরিমাণে তুলা মজুত ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা তার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!