এবার বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি সোনা
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচে ৪ কেজি ৪২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।
বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছিলেন। রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে আসা ৫ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি ৯৫২০ বিমানের বিভিন্ন সিট তল্লাশিকালে ৯এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়।
.png)
প্যাকেট দুইটি কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে আটটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। এই ঘটনায় আইনি কার্যক্রম গ্রহণসহ কাস্টম হাউসের কাছে সোনার বারগুলো হস্তান্তর করা হয়েছে।