শুক্রবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী কনের বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ তিনজনকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বর উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়া।
.png)
জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুণীর। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। ঠিক সময়মতো বর ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন।
খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরো ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরের লোকজন তাকে নিয়ে চলে যান।
এ বিয়ে উপলক্ষে টাকা খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ দুই লাখ খরচ হয় বলে অভিযোগে উল্লেখ করে কনের বাবা।
বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত হাসেন মিয়া তার মামা সবুজ মিয়ার কাছে ফোন দেন। পরে সবুজ মিয়া জানান, বর ও কনের পক্ষের লোকজনের মধ্য সমঝোতার চেষ্টা চলছে। রাতে বরকে নিয়ে বিয়ে করাতে কনের বাড়িতে যাবেন বলেও তিনি জানান।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, শুক্রবার দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।