রশি নিয়ে খেলার সময় ফাঁস লেগে প্রাণ গেল শিশুর
ফরিদপুরের সালথা উপজেলায় রশি নিয়ে খেলার সময় ফাঁস লেগে মুরসালিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৯ বছরের মুরসালিন নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যায় মুরসালিনকে বাড়িতে একা রেখে পাশের একটি দোকানে যান তার মা। দোকান থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তিনি। এ সময় ঘরের ভেতরে গিয়ে দেখেন রশি গলায় পেঁচানো অবস্থায় দরজার চৌকাঠে ঝুলছে মুরসালিন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় কাগদী বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। ঘরের মধ্যে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মুরসালিন মারা গেছে বলে দাবি পরিবারের।
.png)
সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।