জমি নিয়ে বিরোধে জোড়া খুন, গ্রেফতার ৩
সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দু’জনকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে র্যাব-১২ এর সদস্যরা গাজীপুর জেলা সদরের পুর্ববাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে দুলাল খান (২২), আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান (২২)।
র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা গত ১৯ অক্টোবর রাতে একই গ্রামের আল-আমিন খান ও তার ভাতিজা আল-আমিন শেখকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আল-আমিন খান মারা যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আল-আমিন শেখও মারা যান।
এ ঘটনায় আল-আমিন খানের ভাই হাবিবুর রহমান খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনিবার ভোরে গাজীপুর থেকে আটক করা হয়। আসামিদের সদর থানার মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।