বিদ্যুতের তারের সঙ্গে লেগে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুতের টানা মেইন তারের সঙ্গে লেগে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব শান্তিরাম নামক স্থানে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ব্রিজ পয়েন্ট থেকে বাঁধের রাস্তা দিয়ে সুন্দরগঞ্জগামী পাটকাঠি ভর্তি একটি ট্রাক ওইস্থানে পৌঁছালে বিদ্যুতের টানা তারের সঙ্গে লেগে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন লেগে পড়ে। এ সময় গাড়িটির চালক মিজান মিয়া ট্রাক বন্ধ করে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
.png)
খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পাটকাঠির আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনা স্থানে ছুটে আসেন থানা পুলিশও।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলজার হোসেন জানান, প্রাথমিক ধারণা করা যাচ্ছে বিদ্যুতের খুঁটি নিচু এবং বাঁধের রাস্তা উচু হওয়ায় এই অগ্নিকাণ্ড ঘটে।
সুন্দরগঞ্জ থানার ওসি এম আজমিরুজ্জামান বলেন, রাস্তার ওপরে টানা বৈদ্যুতিক তারে লেগে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।