বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভূঁইয়া। এর আগে, বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ভাওয়াল রেলস্টেশনে ‘মোহনগঞ্জ কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ময়মনসিংহে চলাচলকারী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে। এর মধ্যে ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে হলেও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে পরিচালনা করা হচ্ছে।
.png)
অপরদিকে, ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন এলাকায় এসে প্রথমে থেমে ছিল। পরে কাওরাইদ স্টেশন থেকে যমুনা এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে ময়মনসিংহ স্টেশনে নেয়া হয়। সেখান থেকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুট ধরে ‘যমুনা এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
তিনি আরো বলেন, বাতিল করা হয়েছে বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রা।