ডাকাতরা লুট করে নিয়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ যাবতীয় মালামাল। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, উল্লিখিত সময়ে চা-বাগান এলাকায় প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে। রাত সাড়ে ৯টার দিকে তিনিসহ তেলিয়াপাড়া চা বাগানের আলম বাবু নামে একজন প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তেলিয়াপাড়া বাগানের প্রবেশমুখে একদল মুখোশধারী ডাকাত সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে। পরে ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে একেক করে সবার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যান।
.png)
এদিকে, একই সময়ে তেলিয়াপাড়া চা-বাগানের বাংলো থেকে ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল হক মিঠু তার পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন। তিনিও ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতরা তার স্ত্রীর স্বর্ণালঙ্কারসহ তাদের সঙ্গে থাকা যাবতীয় মালামাল লুট করে নিয়ে যান। এছাড়াও আরো কয়েকটি মোটরসাইকেলের যাত্রীদের আটকিয়ে তারা ডাকাতি করেন।
চেয়ারম্যান জানান, ওই সড়ক দিয়ে যাওয়া অন্তত ৭টি পরিবহন ডাকাতির শিকার হয়েছে। ডাকাতদল অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, তেলিয়াপাড়া এলাকায় চা বাগান থাকায় ডাকাতি শেষে তারা সহজেই পালিয়ে যান। ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।