মোহাম্মদ জামিলের বাড়ি কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার গ্রামে। তিনি ওই গ্রামের পাড়ার মরহুম হাজি আবুল হাসিমের ছেলে ও টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন মোহাম্মদ জামিল।
.png)
মোহাম্মদ জামিল বলেন, আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হজ পালনের উদ্দেশ্যে আমার এই সফর। প্রথম দিনে ৩০ কিলোমিটার হেঁটে টেকনাফের হোয়াইক্যংয়ে পৌঁছাই। রোববার ফজরের নামাজ শেষে আবার রওনা করেছি।
তিনি আরো বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করব। এরপর পাকিস্তান, ইরান, দুবাই ও সৌদি আরবের মাটিতে হেঁটে আগামী হজ মৌসুমের আগেই মক্কায় পৌঁছে যাব ইনশাল্লাহ। প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব আরবে পৌঁছানোই হচ্ছে আমার স্বপ্ন। এর আগে চলতি বছরে আমি ১৬ দিনের মধ্যে বেনাপোল গিয়েছিলেন।
জামিল বলেন, লোক দেখানো নয়, আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমার এই সফর।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, শনিবার টেকনাফ থেকে এক শিক্ষক পবিত্র হজ পালন করতে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এটি খুব প্রশংসনীয় ও দুঃসাহসিক উদ্যোগ।