বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, ছোট ভাই গ্রেফতার
জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আপন ছোট ভাইয়ের হাতে নিহত হয়েছেন বড় ভাই নুরুল আমিন। ভাইকে হত্যার পর হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হলো না ছোট ভাই মজিবরের। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে পুলিশি পাহারায় চলছে অভিযুক্ত মজিবরের চিকিৎসা।
রোববার নেত্রকোণার দুর্গাপুরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই পলাতক ছিলো অভিযুক্ত মজিবর। ঐদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত ছোট ভাই মজিবুর রহমানকে আটক করে পুলিশ।
তারা দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউপির মউ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
.png)
এদিকে এ ঘটনায় নিহত নুরুল আমিনের ছেলে সোহেল মিয়া রোববার রাতে মজিবুর রহমানকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, রোববার (১৭ ডিসেম্বর) সকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র (ডেগার) দিয়ে আঘাত করে ছোট ভাই মজিবুর রহমান। এতে বুকে গুরুতর জখম হয় নুরুল আমিনের। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর পরপরই আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। পরে রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত ছোট ভাই মজিবুর রহমানকে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার এসআই মো. সাদেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মজিবুরকে ময়মনসিংহ হাসপাতালে আটক করা হয়েছে। তবে আসামি অসুস্থ থাকায় আদালতকে অবহিত করে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ মামলার বাকি আসামিদের ধরতেও চেষ্টা অব্যাহত আছে।