গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সাত বিঘা জমি ক্রয় করেন ডা. শারমিন হোসাইনের স্বামী আমিনুর রহমান খান (দিপু)। জমি কেনার পর তার স্ত্রী ডা. শারমিন হোসাইনের মাথায় আসে কিছু একটা করবেন। সেই চিন্তা থেকেই শুরু। প্রথমে বিভিন্ন রকমের শাক-সবজি চাষ, ফল ফলাদির গাছসহ নানামুখী চাষাবাদ শুরু করেন তিনি।
ঢাকার শিক্ষিত নারী চাষাবাদে নেমেছেন তাই উপহাস করেছিলো অনেকে। অথচ অল্প কয়েক বছরে তার চাষাবাদের ব্যাপ্তি ঘটেছে ব্যাপকভাবে। শুধু সবজি নয় এই খামারে শুরু করেন কয়েক প্রকার মুরগী, কবুতর, হাস, গরু, ছাগল পালন। চাষ করা শাক-সবজি নিজেদের সংসারের চাহিদা মিটিয়ে তিনি তার আত্মীয়-স্বজনকেও উপহার হিসেবে দেন।
.png)
টেলিভিশনে মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে তারও ইচ্ছে জাগে বসতবাড়ির আশপাশে শাক-সবজি ও ফলমূলের বাগান গড়ে তোলার। এরপর আর থেমে থাকেননি ডা. শারমিন হোসাইন। লালশাক, পুঁইশাক, বেগুন, গোল আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, যা কিছু তিনি বাড়ির আঙ্গিনায় চাষ করেন তা দিয়েই সারা বছরের সবজির চাহিদা মিটে যায়। এমনকি বাড়তি কিছু আয়ও হয়।
প্রথম প্রথম স্বামী তার এহেন কর্মকাণ্ডে কিছুটা বিরক্ত হতেন। কিন্তু কৃষিতে তার সফলতা দেখে ডা. শারমিনের স্বামীর আগ্রহও বেড়ে যায়। কোনো প্রকার ঋণ না নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে বাড়ির আঙ্গিনায় এবং ৭ বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, গাজর, ইত্যাদি ফসলের আবাদ করে আশাতীত লাভবান হন। এ অবস্থায় তিনি বিভিন্ন জায়গা থেকে চারা কিনে এনে বিভিন্ন ফলের ১০৭৫টি গাছের বাগান গড়ে তোলেন। এছাড়া উন্নত জাতের পেয়ারার ৪০টি গাছও লাগান আঙ্গিনায়।
ডা. শারমিন হোসাইন জানান, প্রতিটা মানুষ তার মনের ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিতে পারে। সবজি, ফলমূল, পোল্ট্রি ও গাভীর খামার করে নারীরাও সাবলম্বী হতে পারে। সবার উচিত অন্ততপক্ষে বাড়ির আঙ্গিনায় কৃষি শাক-সবজি চাষ করা। এতে করে নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি আয়েরও সুযোগ হয়।
_1702912823.jpg)
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ডা. শারমিন হোসাইন পরিশ্রম, অধ্যবসায়, সাহস ও মেধাকে কাজে লাগিয়ে সাহসিকতার মধ্য দিয়ে কৃষি খামার করে তিনি একজন সফল নারী উদ্যোক্তা ও খামারি হিসেবে পরিচিতি লাভ করেছেন। পরিশ্রম মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তার বাস্তব প্রমাণ হলো কৃষি খামারের স্বত্বাধিকারী ডা. শারমিন হোসাইন।