ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে রেকর্ড রুম থেকে ১২ ল্যাপটপ চুরির ঘটনায় মামলা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১৯ ডিসেম্বর ২০২৩
ফরিদপুরে রেকর্ড রুম থেকে ১২ ল্যাপটপ চুরির ঘটনায় মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম তথা মহাফেজখানার মূল্যবান নথিপত্র তছনছ করে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে।

শহরের জজ কোর্ট, জেলা প্রশাসকের বাসভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অত্যন্ত সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত এই মহাফেজখানা থেকে ল্যাপটপ চুরির একদিন পরে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মহাফেজখানার রেকর্ড কিপার মো. আবু বকর সিদ্দীক বাদী হয়ে মঙ্গলবার বিকেলে মামলাটি দায়ের করেন। 

Advertisement

মামলায় তিনি অভিযোগ করেন, রোববার (১৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। দোতলা ভবন বিশিষ্ট রেকর্ড রুমের দোতলায় দক্ষিণ পাশে অবস্থিত একটি কক্ষ থেকে এ চুরির ঘটনা ঘটে।

রেকর্ড কিপার মো. আবু বকর সিদ্দীক জানান, গতকাল সোমবার সকাল পৌনে ৯ টার দিকে তিনি এবং তার দুইজন সহকর্মী মো. বাহাদুর আলম ও মো. কাওছার আলী অফিসে পৌছেন। কাওছার আলী গেটের তালা খুললে গেটের ভেতরে প্রবেশ করে দেখতে পান নিচ তলার অফিস কক্ষের গেটের প্রথম কাঠের দরজার কব্জা ভাঙা এবং অপর পাশের কয়রার সঙ্গে তালা লাগানো রয়েছে। কেচি গেটের তালা অক্ষত অবস্থায় ছিলো। ঐ গেটের তালা খুলে তারা তিনজন দোতলা অফিস উঠে প্রথম দরজার তালা ভাঙা এবং দ্বিতীয় লোহার গেটের তালা কাটা অবস্থায় দরজা খোলা দেখতে পান। অফিসের মূল্যবান কাগজপত্র মেঝেতে এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিলো।। অফিসের আলমিরা ভাঙা এবং খোলা ছিলো। ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমের স্টিলের আলমিরাও ভাঙা এবং খোলা দেখতে পান তারা।

পরে খোঁজ করে দেখা যায়, অফিস কক্ষের পাঁচটি টেবিল থেকে ৫টি ল্যাপটপ, ভারপ্রাপ্ত কর্মকর্তার আলমিরা থেকে চারটি ল্যাপটপ এবং অফিস সহকারী মো. মিজানুর রহমানের আলমিরা থেকে তিনটি ল্যাপটপসহ ১২টি ল্যাপটপ চুরি হয়েছে।

রেকর্ডরুম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী বলেন, ঘটনা জানতে পেরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ভবনের ক্রুটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রামানন্দ পালকে আহ্বায়ক করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। 

তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দীপ জন মিত্র ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাজিদুল মাহমুদ। এ কমিটি মঙ্গলবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

জানা গেছে, এটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সামনে একটি গেট রয়েছে। লাল ভবনে ঢুকতে হলে আগে একটি কাঠের দরজা এরং তারপর একটি কলাপসিবল গেট পার হতে হয়। 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম বলেন, রেকর্ড রুমে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!