দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেন বর্মন নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শৈলেন বর্মন নাতিরাবাদ এলাকার সতীশ বর্মনের ছেলে। এছাড়া আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে নাতিরাবাদ এলাকার আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মন নদীর পাড়ে লাকড়ি শুকানোকে কেন্দ্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শৈলেন বর্মন তাদেরকে আটকাতে গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহত শৈলেন বর্মনের ছেলে স্বপ্ন বর্মন অভিযোগ করে বলেন, আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মনের সংঘর্ষ থামাতে গিয়ে তাদের আঘাতের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।