রোববার সকাল থেকে সদর ইউনিয়নের আহমদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহরিয়ার পারভেজ জানান, ঝিনাইগাতীতে প্রাথমিক স্তরের সরকারি ১০১টি, বেসরকারি ২৯টি, কিন্ডারগার্টেন ৩২টি ও অন্যান্য ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হবে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে তাদের চাহিদা অনুযায়ী বই বিতরণ হয়েছে।
.png)
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদ হাসান বলেন, আমরা সব বই পেয়েছি। বই উৎসবের জন্য আমরা প্রস্তুত। আমরা আনন্দ মুখর পরিবেশে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই, ফুল ও মিষ্টি তুলে দেব। এদিন নতুন শ্রেণিতে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ঝিনাইগাতীতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব হবে। সব শিক্ষার্থী নতুন বই পাবে। নতুন বইয়ের গন্ধে তারা মুখরিত হবে। আনন্দের সঙ্গেই তারা সরকারের উপহার দেওয়া নতুন বই হাতে নিয়ে বছরের প্রথম দিনেই ক্লাস শুরু করতে পারবে।