প্রেমিকার গায়ে হলুদে প্রেমিক হাজির, অতঃপর...
লালমনিরহাটের আদিতমারীতে প্রেমিকার বিয়েতে বাধা দিতে গিয়ে রফিকুল ইসলাম (২৪) নামে এক প্রেমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী এ সাজা দেন। সাজাপ্রাপ্ত প্রেমিক রফিকুল ভাদাই ইউনিয়নের আদিতমারী উত্তরপাড়া গ্রামের বুলন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রফিকুলের। তবে কয়েকদিন পর প্রেমিকা সেই সম্পর্ক ছিন্ন করলেও রফিকুল মানতে নারাজ। বৃহস্পতিবার প্রেমিকার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। এ খবরে আজ সকালে প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করলে রফিকুলকে আটকে রাখে প্রেমিকা ও তার পরিবার।
.png)
এরপর ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করে প্রেমিকার পরিবার। অভিযোগটি আমলে নিয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠান ইউএনও। প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক রফিকুলকে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গায়ে হলুদের আসরে কনেকে (প্রেমিকা) উত্ত্যক্ত করার সত্যতা স্বীকার করেন রফিকুল। এরপর তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, সাজাপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।