ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৩৫, ৪ জানুয়ারি ২০২৪
যশোরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মী আব্দুল কুদ্দুস হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। 

বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের হোসেন আলীর ছেলে ইউনুস আলী ও মৃত মনু মিয়ার ছেলে রনি মিয়া। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করে স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা বলেন, দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী আদালতে হাজির থাকায় তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে। 

জানা যায়, আব্দুল কুদ্দুস জাগরণী চক্র ফাউন্ডেশনের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর সকালে তিনি মল্লিকপুর ও কিত্তিপুর গ্রামে কিস্তির টাকা আদায়ে বের হন। এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন তার সন্ধান না পেয়ে ওই গ্রামে খোঁজখবর নিতে যান এবং জানতে পারেন আব্দুল কুদ্দুস ওই গ্রামের ইউনুস আলীর বাড়িতে গিয়েছিলেন। 

শাখা ব্যবস্থাপক সর্বশেষ ইউনুসের বাড়িতে গিয়ে জানতে চাইলে তিনি জানান, আব্দুল কুদ্দুস তার বাড়িতে আসেনি। এরপর জাগরণী চক্রের লোকজন ওই এলাকায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে ইউনুসের বাড়ির পাশে কচু খেতে আব্দুল কুদ্দুসের ছাতা পাওয়া যায়। এরপর পুলিশ ও নিখোঁজ আব্দুল কুদ্দুসের পরিবারের লোকজন মল্লিকপুর গ্রামে আসেন। রাতে সন্দেহজনকভাবে ইউনুসের বাড়ি সংলগ্ন পুকুরে তল্লাশি করে বস্তাবন্দী আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহত আব্দুল কুদ্দুসের ভাই মাগুরা শালিখার বাগডাঙ্গা গ্রামের নুরুল আমিন মোল্যার ছেলে শামসুর রহমান বাদী হয়ে ইউনুস আলী, রনি মিয়া, কোরবান আলী, শামীম হোসেন ও রুবেল হোসেনের নামে মামলা করেন। 

তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রব আকন্দ। অভিযুক্ত আসামিদের মধ্যে মল্লিকপুর গ্রামের আব্দুর রশিদ মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। 

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইউনুস আলী ও রনি মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। 

একই সঙ্গে অপর ৪ আসামির বিরুদ্ধে সাক্ষীরা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!