ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদির খেজুর চাষ হচ্ছে মাগুরায়

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১০ জানুয়ারি ২০২৪
সৌদির খেজুর চাষ হচ্ছে মাগুরায়
ছবি: ডেইলি বাংলাদেশ

খেজুরের পুষ্টিগুণের কথা সবারই জানা। ক্যালসিয়াম, ভিটামিন, আঁশ, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় ১১ ভাগই পূরণ করে।

প্রতিদিন সকালে তিন থেকে চারটি খেজুর খেলে দারুণ উপকার পাওয়া যায়। মরু অঞ্চলের এ ফলের ঔষধিগুণ ও স্বাদ- দুই কারণেই জনপ্রিয় এটি। মূলত মরু অঞ্চলের ফল হলেও এখন সারাদেশের মতো মাগুরাতেও খেজুর চাষ হচ্ছে।

মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী গ্রামের ব্যবসায়ী কাজী ইজাজুল হক রিজু ও তার ছোট ভাই স্কুলশিক্ষক কাজী মহিদুল হক তাদের গ্রামকে ড্রাগন ফলের গ্রামে পরিণত করছেন। ড্রাগনের পাশাপাশি তারা সৌদি খেজুর- মরিয়ম, খালাস, মাল্টা, কমলা, থাই পেয়ারা, বল সুন্দরী ও কাশমেরী এবং আপেল কুলের ব্যাপক প্রসার ঘটিয়েছেন। তারা শুরুটা করেছিলেন ২০১৮ সালে। ১৫শ’ ড্রাগন ফলের গাছ দিয়ে শুরু হয়েছিল তাদের এ যাত্রা। এখন ১০ একর জমিতে তাদের ড্রাগন বাগান রয়েছে। গাছ আছে ১০ হাজারের বেশি।

Advertisement

সদর উপজেলায় গাংনী গ্রামের বেস্ট অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, সেখানে অন্যান্য ফলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির প্রায় ১শ’ সৌদি খেজুরের গাছ রয়েছে। আর কয়েক বছর ধরে তাতে ভালো ফলনও হচ্ছে।

স্কুলশিক্ষক কাজী মহিদুল হক বলেন, আমাদের ফল বাগানের শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ১৫শ’ ড্রাগনের চারা দিয়ে। ড্রাগনের পাশাপাশি পরের বছরে কিছু সৌদি খেজুরের চারা লাগাই। এর তিন বছরের মধ্যেই গাছে ফুল, ফল আসতে শুরু করেছে। আমরা এ পর্যন্ত খেজুর চারা তৈরি করেছি ৩শ’। জাত ভেদে প্রতিটি চারা পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। অনেক গাছের খেজুরের পাকা শুরু করেছে। কিছু খেজুর কাঁচাও খাওয়া যায়। খেতে খুবই সুস্বাদু। অনেকেই ফল আসা দেখে খেজুর চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, খেজুর একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল। গাংনী গ্রামের কাজী মহিদুল হক ড্রাগন ফলের পাশাপাশি সৌদি খেজুরর চাষ করেও সফলতা পেয়েছেন। তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই মধ্যে আমরা বেশ কয়েকবার বেস্ট অ্যাগ্রো ফার্ম পরিদর্শন করেছি। কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চাষ মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!