ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে ঘুমন্ত শিশুর মৃত্যু, গ্রেফতার ২

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ১১ জানুয়ারি ২০২৪
প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে ঘুমন্ত শিশুর মৃত্যু, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লক্ষীপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একই উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া। তারা দুজনই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তাদেরকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

র‌্যাব আরো জানায়, ৩১ ডিসেম্বর এ ঘটনায় শিশুর বাবা আব্দুল মালেক বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, বাদী ও তার প্রতিবেশি আসামি হাতেম আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আসামিরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এতে বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ এবং একপর্যায়ে আসামিরা হামলা চালায়। পরে কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করতে থাকেন।

এ সময় মোমেনা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদ মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে শিশুটি বমি ও পায়খানা করা শুরু করলে হাসপাতালে নেয়ার সময় শিশুটি মারা যায়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ ও তিন-চারজনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করার পর থেকে আসামিরা পলাতক ছিল।

এ মামলার মূলহোতা আ. আজিজের ছেলে মো. হাতেম আলীকে গত এক জানুয়ারি সকালের দিকে গ্রেফতার এবং ঐ দিনই দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!