ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ১৫ জানুয়ারি ২০২৪
বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি

বরিশাল নগরীতে শিশুকে ধর্ষণের পর হত্যা করার দায়ে রাসেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাসেল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ মামলার অপর আসামি শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ২৩ আগস্ট ১৩ বছর বয়সী ভুক্তভোগী শিশু ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী রাসেল শিশুটিকে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আরেক শিশুর সহযোগিতায় ঘরের পেছনে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। এর কিছুক্ষণ পর শিশুটির মা ঘরে এসে রাসেল ও তার সহযোগীকে পালিয়ে যেতে দেখেন। এ ঘটনার পরের দিন ২৪ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন।

Advertisement

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির আরো জানান, ২০১৪ সালের ৩০ জানুয়ারি কাউনিয়া থানার তৎকালীন এসআই কামাল হোসেন দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার এ মামলায় এক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!