ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের বিয়ে, টাকার জন্য পুরুষদের শয্যায় যেতে বাধ্য করতেন প্রেমিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১৬ জানুয়ারি ২০২৪
প্রেমের বিয়ে, টাকার জন্য পুরুষদের শয্যায় যেতে বাধ্য করতেন প্রেমিক
ভুক্তভোগী কলেজ পড়ুয়া তরুণী -ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজ পড়ুয়া এক তরুণী। মঙ্গলবার সকাল থেকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির ভাড়াটিয়া বাসায় অবস্থান নেন ওই কলেজ শিক্ষার্থী।

তবে তরুণীর অভিযোগ, সকালে স্বামী রাব্বির খোঁজে ওই বাড়িতে গেলে তাকে মারধর করেন তার শাশুড়ি। 

ওই তরুণী পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং নীলগঞ্জ ইউপির বাসিন্দা বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী মোনালিসা (ছদ্দনাম) জানান, প্রায় তিন বছর আগে কলাপাড়া পৌর শহরের ফলপট্টি এলাকায় রাব্বির সঙ্গে পরিচয় হয় তার। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জানতে পারেন রাব্বিও পটুয়াখালীতে থেকে লেখাপড়া করছেন এবং তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

মোনালিসার ভাষ্যমতে, প্রেম গভীর হলে তারা দুইজনেই বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গোপনে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে থাকেন। এমনকি পটুয়াখালীর শান্তিবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন একসঙ্গে থাকার পর রাব্বির হিংস্র রূপ দেখতে পান। ভালোবেসে বিয়ে করলেও পরিবার থেকে রাব্বিকে আর্থিক যোগান দিচ্ছেন না বলে তাকে অন্য পুরুষের শয্যায় যেতে বাধ্য করতেন তার স্বামী। আর সেই উপার্জন দিয়েই চলতো দুইজনের লেখাপড়ার খরচ। 

এই তরুণীর অভিযোগ, স্বামীকে বিশ্বাস করে ভালোবেসে তার কথায় সব করেছি। কিন্তু রাব্বী আমাকে বাড়িতে নিয়ে যাননি। তবে গত ২১ ডিসেম্বর কুয়াকাটার একটি হোটেলে কাজি ডেকে নিয়ে সেখানে কাবিন করেন আমার স্বামী। আর সেদিন রাতে বাড়িতে না নিয়ে কলাপাড়ার কালভার্ট এলাকায় নাহিদ নামে এক ছেলের বাসায় আমাকে নিয়ে রাত্রিযাপন করেন। কিন্তু এরপর থেকে আর কোনো যোগাযোগ করছেন না রাব্বি। কোনো উপায় না পেয়ে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে অনশন করছেন তিনি। তবে মোনালিসা বাড়িতে আসার খবরে লাপাত্তা হয়েছেন রাব্বি। 

রাব্বির বাবা শাহিন মিয়া জানান, আমার ছেলেকে জিম্মি করে কুয়াকাটায় নিয়ে বিয়ে করেছেন ওই মেয়ে। আমরা মামলা করেছি। এছাড়া ওই মেয়ের বেশকিছু আপত্তিকর ভিডিও রয়েছে বলেও জানান রাব্বির বাবা। এছাড়া মোনালিসাকে মারধরের কথা অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!