লালমোহনে শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা
মোহাম্মদ মোসলেহ উদ্দিন। টানা ৩৪ বছর করেছেন শিক্ষকতা। অবশেষে এই মহান পেশা থেকে তাকে বিদায় নিতে হয়েছে। বিদায় বেলায় প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছেন শিক্ষক মো. মোসলেহ উদ্দিন।
ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন তিনি।
জানা যায়, ১৯৮৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন। এরপর টানা ২০ বছর দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১ বছর দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। সবশেষ বিগত ১৩ বছর ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন। সেই দায়িত্ব থাকাকালীন সময়েই তাকে ইতি টানতে হয়েছে নিজের শিক্ষকতা পেশার।
.png)
শিক্ষকতা পেশা থেকে অবসরগ্রহণের পর শিক্ষক মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, লালমোহন ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং তার নিজ বিদ্যালয়ের সহকর্মীরা।
বৃহস্পতিবার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন।
দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, কর্মজীবনে সব সময় চেষ্টা করেছি সততার সঙ্গে চলার। দীর্ঘ এই কর্ম জীবনের চলার পথে ভুল-ত্রুটি হতে পারে, এ জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে সবার কাছে দোয়া কামনা করছি- আমি যেন আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি।