রজনীগন্ধা ফেরির মাস্টার আঞ্জুমান বরখাস্ত
মানিকগঞ্জের পাটুরিয়ায় নয়টি ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরি ডুবে যায়। এ ঘটনায় ফেরির মাস্টার আঞ্জুমান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান একেএম মতিউর রহমান উদ্ধার হওয়া ফেরি রজনীগন্ধার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রজনীগন্ধা ফেরির মাস্টার আঞ্জুমান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ফেরিটি ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখছেন- কোথাও কোনো ছিদ্র বা বড় ধরনের ত্রুটি আছে কিনা? তবে আমি যতদূর জেনেছি ফেরিটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ শেষে ফেরিটিকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
.png)
গত ১৭ জানুয়ারি সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে এসে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা নামের এ ফেরিটি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিটিকে উদ্ধার করে ৫ নম্বর ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নয়াকান্দি এলাকায় ভাটিতে রাখা হয়েছে। অপরদিকে, ফেরিতে থাকা নয়টি ট্রাকও উদ্ধার করা হয়।