বাস টার্মিনালে লাগেজ পাওয়া মরদেহটি পরিচয় মিলেছে
ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া তালাবদ্ধ লাগেজ থেকে উদ্ধার হওয়া মরদেহটি পাবনা জেলার নতুন গোহাইলবাড়ি গ্রামের মিলন প্রামানিকের। শনিবার ভোরে এক নারী পৌর বাস টার্মিনাল এলাকায় ওই লাগেজটি ফেলে যায়। শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোর্শেদ আলম জানান, প্রথমে না মিললেও এখন মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহটি পাবনা জেলার নতুন গোহাইলবাড়ি গ্রামের মিলন প্রামানিকের।
তিনি আরো বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, শনিবার ভোরে এক নারী পৌর বাস টার্মিনাল এলাকায় ওই লাগেজটি ফেলে যায়। ওই নারীকে খুঁজছে পুলিশ।
.png)
পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে পড়েছিল লাগেজটি। সকাল সাড়ে ১০টার দিকে লাগেজটি স্থানীয়দের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লুঙ্গি ও সোয়েটার পরিহিত মরদেহটি জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।
কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান হাসান বলেন, মরহেদটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছরের মতো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।