সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে হত্যা, ৭ জনকে আসামি করে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম ভূইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান দাইয়ানসহ ৭ জনের নাম উল্লেখসহ আরো ৫ জনকে অজ্ঞাতকে প্রধান আসামি করা হয়।
এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় চর নোয়াগাঁও এলাকায় জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।
.png)
মামলার সূত্রে জানা যায়, উপজেলার চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার সময় অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালকের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধ্বস্তাধস্তি হয়। একপর্যায়ে লাইনম্যান জাকির ও দাইয়ানের হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় জাকির ও দাইয়ানের সঙ্গে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা তাকে কিল-ঘুষি দিয়ে মারধর করেন। তাদের পিটুনিতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ওসি এম এম কামরুজ্জামান বলেন, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।