শনিবার সকাল ৬টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, সকালে হঠাৎ করে লাল চান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে আগুন দেখতে পান কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা ফায়ার সার্ভিস এবং বাগান ব্যবস্থাপককে অবগত করলে দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছায়। পরে সেখানে একে একে যোগ দেয় চুনারুঘাট ফায়ার সার্ভিস, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। স্থানীয়দের সহায়তায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
_1706349330.jpg)
চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। আগুনে ফ্যাক্টরির মজুত চা-পাতা ও বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
লালচান্দ চা-বাগানের ম্যানেজার মোফাজ্জল হোসেন জানান, আগুনে আমাদের ফ্যাক্টরির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না। তবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।