ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘেরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬, ২৮ জানুয়ারি ২০২৪
মাছের ঘেরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
ফাইল ফটো

খুলনার কয়রায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে খালিদ হাসান  নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত খালিদ ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তরির ছেলে। সে কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে তেঁতুলতলার চর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল।

শিশুটির নানা খোকন গাজী জানান, শুক্রবার নাতি খালিদ হাসানকে সঙ্গে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়েন তিনি। বিকেল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশে খোঁজাখুঁজি করার পরও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়।

Advertisement

তিনি আরো জানান, রাত ১২টার দিকে বাড়ির পেছনের মৎস্য ঘেরে মরদেহ দেখে স্থানীয়রা খবর দেন। পরে সেখানে গিয়ে মতদেহ উদ্ধার করা হয়। তার গলায় দাগ রয়েছে। এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তিনি।

গ্রামের বাসিন্দা আবু হানিফ গাজী বলেন, শনিবার বিকেল থেকে খালিদকে খুঁজে বেড়াচ্ছি আমরা। রাতে বাড়ির পেছনে পেলাম তার মরদেহ। পাশে জুতাও ছিল। অথচ বিকেলে বাড়ির পেছনে আমরা কিছুই দেখিনি। কিছুতেই বুঝতে পারছি না, কীভাবে সেখানে মরদেহ এলো।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!