উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ আরসা সদস্য গ্রেফতার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকা থেকে আরসা সন্ত্রাসীর তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন ও শতাধিক গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন। এর আগে, বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করে র্যাব-১৫।
গ্রেফতারকৃত আরসার তিন সদস্য হলেন- মো. ওসমান, মো. নেছার ও ইমাম হোসেন। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এর মধ্যে ওসমান আরসার একটি গ্রুপের কমান্ডার।
.png)
জানা গেছে, লাল পাহাড়ে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় র্যাব। একপর্যায়ে পাহাড়ে থাকা আরসার একটি আস্তানা ঘিরে ফেলেন র্যাবের সদস্যরা। পরে ঐ আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, আরসা সন্ত্রাসীরা ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিল। বৃহস্পতিবার আরসার তিন সদস্যকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।