নেই ছাড়পত্র, জরিমানা ৩২ লাখ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে চারটি ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদফতর মুন্সীগঞ্জের উদ্যোগে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময় চারটি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি। ফলে মেসার্স শামসুদ্দিন অ্যান্ড বাবলা ব্রিকসকে আট লাখ, ন্যাশনাল ব্রিকসকে সাত লাখ, মায়ের দোয়া ব্রিকসকে সাত লাখ ও মেসার্স মা ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানের সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর মুন্সীগঞ্জের সিনিয়র কেমিস্ট আব্দুল্লাহ আল- মামুন, সহকারী পরিচালক রেদওয়ান উল্লাহ, পরিদর্শক মো. মান্নান মিয়া ও হিসাবরক্ষক সোহেল রানাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতর মুন্সীগঞ্জের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় মুন্সীগঞ্জ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।