মেয়েকে বাঁচাতে গিয়ে দুই নারীর হাতে প্রাণ হারালেন বাবা
বগুড়ার গাবতলীতে বাড়ির উঠানে বেঁধে রাখা ভেড়ার পালের দড়ি খুলে দেওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার লাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে লাঠিমারা গ্রামে ববিতা বেগমের বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখা ভেড়ার পালের বাঁধন অজ্ঞাত কেউ খুলে দেয়। কয়েকঘণ্টা পর পালে থাকা ৮টি ভেড়া তিনি খুঁজেও পান। এরপর দড়ির বাঁধন খুলে দেওয়ার জন্য সন্দেহ করেন নিহত আমজাদের মেয়ে ফাতেমাকে। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বুধবার বিকেলে এরই জেরে ববিতা তার বান্ধবী চামেলিকে নিয়ে ফাতেমাকে মারধর শুরু করেন। মেয়েকে উদ্ধার করতে গেলে আমজাদকেও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷
.png)
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, দুই নারীর লাঠির আঘাতে আমজাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।