দীর্ঘদিনের প্রেম, বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে পিটিয়ে হত্যা
ইউনুস আলীর সঙ্গে তরুণীর দীর্ঘদিনের প্রেম। কিন্তু সেই প্রেমের সম্পর্ক মেনে নেয়নি প্রেমিকার পরিবার। তাইতো ছয় মাস আগে ওই তরুণীর অন্যত্র বিয়ে দেয় পরিবার। সম্প্রতি বাবার বাড়িতে আসেন প্রেমিকা। এরপর শুক্রবার রাতে প্রেমিক ইউনুসকে বাড়িতে ডেকে নেন প্রেমিকার পরিবারের সদস্যরা। সেখানে গেলে ইউনুসের ওপর রাতভর শারীরিক নির্যাতন চালানো হয় স্থানীয় ওয়ার্ড সদস্য নুর আলমের নেতৃত্বে। শনিবার রাত ১২টার দিকে প্রেমিকার চাচার বাড়ি থেকে প্রেমিক ইউনুসের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর সেজোপাড়া গ্রামে। নিহত ইউনুস আলী একই ইউনিয়নের হয়বৎপুর পূর্বপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, হয়বৎপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ের সঙ্গে ইউনুস আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। ছয় মাস আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে দেয় পরিবার। কয়েকদিন আগে বাবার বাড়িতে আসেন মেয়ে। এরই জেরে শুক্রবার রাতে ওই ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে যায় মেয়ের পরিবার। সেখানে রাতভর স্থানীয় ওয়ার্ড সদস্য নুর আলমের নেতৃত্বে শারীরিক নির্যাতন চালানো হয়। শনিবার রাত ১২টার দিকে মেয়ের চাচা মাহাতাবের বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
.png)
এর আগে, শনিবার সন্ধ্যায় ছেলের পরিবারকে ডেকে সালিশের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা করেন মেম্বার নুর আলম।
ছেলে পক্ষের হয়ে সালিশে উপস্থিত আ. ওয়াদুদ সরকার দুলু ও ফাইজুল হক জানান, ছেলেকে আড়ালে রেখেই সালিশে টাকার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত মেম্বার। একপর্যায়ে ছেলেকে উপস্থিত করার বিষয়ে বাগবিতণ্ডা হলে হত্যার বিষয়টি সামনে আসে। পরে ঘরে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের ধরতে কাজ করেছে পুলিশ।