মরদেহ গোসলের সময় ঘটল অবাক কাণ্ড, এলাকায় চাঞ্চল্য
সকালে শরীয়তপুরে মোর্শেদা বেগম নামে এক নারী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। গোসল করানোর সময় স্বজনদের মনে হয় তিনি মারা যাননি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা পৌরসভার জামার মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মোর্শেদা বেগম (৩৮) ঐ গ্রামের এস্কান্দার মাদবরের স্ত্রী।
জানা যায়, সকালে মাথা ঘুরে পড়ে যান মোর্শেদা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে এসে দুপুরে গোসল করাতে নিয়ে যান। গোসলের দায়িত্ব নেন মোর্শেদার মা রোকেয়া বেগম। গোসলের পানি তার শরীরে দিতে গেলে রোকেয়া দেখতে পান লোম দাঁড়িয়ে যাচ্ছে, বুকের স্থানটাও অনেক গরম। বিষয়টি অন্যদের জানানো হলে তারা এসে মোর্শেদার প্রেশার পরিমাপ করেন। তাদেরও মনে হয় মোর্শেদা জীবিত।
.png)
পরে স্বজনরা মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু প্রথমে মোর্শেদা জীবিত এমন খবরে জাজিরাসহ শরীয়তপুরের জেলাজুড়ে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য।
জাজিরা পৌরসভার কাউন্সিলর সেকান্দর হাকিদার জানান, মোর্শেদা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে নিয়ে আসলে তার স্বজনদের মনে হয় মোর্শেদা জীবিত। পরে ঢাকাতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।