ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২৪
ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা
রাবেয়া বেগমের মৃত্যুতে স্বজনদের আহাজারি

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে রাবেয়া বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় কচুয়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এর আগে, বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

Advertisement

নিহত রাবেয়া উপজেলার খিলমেহের গ্রামের শেকান্দর মিয়ার মেয়ে। প্রায় ১৪ বছর আগে বাইছারা সিকদার বাড়িতে প্রবাসী এরশাদ উল্লার সঙ্গে রাবেয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাংসরিক জীবনে তাদের ঘরে দুই ছেলে রাকিব হোসেন (১০), আবু রায়হান (৭) ও সুমাইয়া আক্তার (৪) নামে এক মেয়ে রয়েছে।

নিহতের বাবা শেকান্দর মিয়া জানান, বিয়ের পর জামাই এরশাদ প্রবাসে কর্মরত। মেয়ে রাবেয়ার সঙ্গে জামাতা এরশাদের ভালো সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তারা স্বচ্ছল থাকায় জামাইয়ের বাবা, ভাই-বোনেরা টাকার জন্য বিভিন্ন সময় আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এই কথাগুলো রাবেয়া প্রায়ই আমাকে বলতো। তার দাবি, মেয়ের শ্বশুর রোস্তম আলী সিকদারসহ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে রাবেয়াকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এর আগেও রাবেয়ার ভাসুর, দেবর ও শ্বশুর আমার মেয়েকে নির্যাতন করেছেন। বুধবার রাত দেড়টার দিকে মেয়ের ভাসুর কামাল সিকদার ফোন দিয়ে রাবেয়া আত্মহত্যা করেছেন বলে জানান। খবর পাওয়ার পর রাতেই ছুটে আসি মেয়ের বাড়িতে।

নিহতের শ্বশুর রোস্তম আলী সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, কী কারণে রাবেয়া আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।

নিহতের স্বামী এরশাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। স্ত্রী হত্যার বিচার দাবি করেন তিনি।

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!