ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমার থেকে ফের গুলি, অল্পে বেঁচে গেলেন অটোচালক

বান্দরবার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমার থেকে ফের গুলি, অল্পে বেঁচে গেলেন অটোচালক
ছবি: সংগৃহীত

একদিন বন্ধ থাকার পর ফের মিয়ানমারে চলছে গোলাগুলি। এবার মিয়ানমার থেকে ছোঁড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত স্টেশনে একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর এসে পড়ে। গুলিতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায়। এ সময় গাড়িটি দাঁড়ানো অবস্থায় থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক।

শনিবার বিকেলে তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

অটোচালক মো. আবু তাহের জানান, তুমব্রু উত্তরপাড়ায় যাত্রী অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বোঝার আগেই সিএনজিতে একটি গুলি এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় লুকিং গ্লাস ভেঙে গেছে।

Advertisement

ঘুমধুম ইউনিয়নের মেম্বার দিল মোহাম্মদ ভুট্টো জানান, একদিন বন্ধ থাকার পর শনিবার দুপুরের দিকে আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিকট আওয়াজ শোনা গেছে। এতে আবু তাহেরের অটোরিকশার সামনের গ্লাস ফেটে গেলেও আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!