ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ১২ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৪
যশোরে ১২ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
স্বজনদের আহাজারি

যশোর শহরের শংকরপুরে জুম্মান সর্দার (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুম্মান সর্দার শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। তার নামে হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জুম্মান ব্যক্তিগত কাজে রেল স্টেশন এলাকায় যান। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তাড়া করে রেল বাজারে নিয়ে আসে। সেখানে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে। এ সময় জুম্মান অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জুম্মানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সাবিক মোহাম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চিকিৎসক জানান, জুম্মানের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে- কোনো প্রতিপক্ষের হাতে খুন হতে পারেন তিনি। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!