ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কোলে ফিরল চুরি হওয়া নবজাতক আরিয়ান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
মায়ের কোলে ফিরল চুরি হওয়া নবজাতক আরিয়ান
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া তিন দিনের নবজাতক আরিয়ান ইসলাম নুরনবীকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে র‍্যাব। শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। এর আগে, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে নবজাতকটি চুরি হয়। গ্রেফতারকৃত পলিয়ারা খাতুন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। এই দম্পতির কোনো সন্তান নেই।  
 
এদিকে কুষ্টিয়া র‌্যাব-১২ এর পক্ষ থেকে সোমবার এ বিষয়ে মিডিয়া ব্রিফের আয়োজনের কথা জানানো হয়েছে। তবে র‍্যাবের একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রাম থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

ওই শিশুটির নানা সাঈদ আলী জানান, হাসপাতালের অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে প্রথমে শিশুটিকে কোলে নেন অভিযুক্ত ওই নারী। পরে সুযোগ বুঝে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান।

Advertisement

ওই শিশুর বাবা দিপু ইসলাম বিজয় বলেন, রাতে আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমরা অনেক খুশি, যা ভাষায় প্রকাশের না। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বেসরকারি ওই হাসপাতালের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা শিশুটিকে পেয়েছি। আমরা অনেক খুশি। শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও খুব চিন্তিত ছিলাম। বাচ্চা ও মা উভয়ই ভালো আছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!