ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে একদিনে ২ কোটি টাকার ফুল বিক্রি

রামিম খান, ঝিনাইদহ
প্রকাশিত: ১৬:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ঝিনাইদহে একদিনে ২ কোটি টাকার ফুল বিক্রি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ থেকে শুধু ভালবাসা দিবসে ২ কোটি টাকার গাঁদাফুল গেছে দেশের হাট-বাজার আর উৎসব-অনুষ্ঠানে। দেশের সবচেয়ে বেশি গাঁদাফুল উৎপাদন হয় এ জেলাতে।

জেলার ৪০০ হেক্টর জমিতে গাঁদা, গোলাপ, জারবেরা, রজনীগন্ধাসহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়। এর মধ্যে শুধু গাঁদা ফুলের চাষ হয় ২০০ হেক্টরের বেশি জমিতে। কম বিনিয়োগে খুব সহজেই চাষ করে বেশি লাভ। তাই প্রায় ২ হাজার প্রান্তিক চাষি এ ফুল চাষ করে জীবিকা নির্বাহ করছেন।

এখানকার হলুদ ও কমলা রঙের গাঁদা ফুলের মান, মেকাপ ও গেটআপ উন্নত হওয়ায় দেশের বড় বড় পাইকারদের নজর এ জেলার ফুলের দিকে। এখানে নতুন নতুন জমিতে ফুলের আবাদ বৃদ্ধি পাওয়ায় রফতানি ছিল বেশি। আর ফেব্রুয়ারির বিভিন্ন দিবস ও অনুষ্ঠানের শুরুতে এখন ২০০ থেকে ২৫০ টাকা দরে গাঁদাফুলের ঝোপা বিক্রি হচ্ছে।

Advertisement

জেলায় ৬টি উপজেলার মধ্যে কালগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও সদর এ চারটি উপজেলাতে ফুলের চাষ হয়। শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় কোনো ফুলের চাষ নেই। বছরের দুটি মৌসুমে উপজেলাগুলোতে ৪০০ হেক্টরের বেশি জমিতে গাঁদা, গোলাপ, জারবেরা, রজনীগন্ধাসহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে থাকে। এর মধ্যে ২০০ হেক্টরের বেশি জমিতে গাঁদা ফুলের চাষ হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত ২২-২৩ অর্থবছরে শীতকালীন রবি মৌসুমে ২১৬ হেক্টরের মধ্যে ১৩৮.৪৮ হেক্টর জমিতে গাঁদা, ১৬.২৬ হেক্টর জমিতে গোলাপ, ২১ হেক্টর জমিতে জারবেরা ও ৫৭ হেক্টর জমিতে রজনীগন্ধাসহ অন্যান্য ফুলের চাষ হয়েছিল। আর খরিপ মৌসুমে ১৭৫ হেক্টরের বেশি জমিতে বিভিন্ন ফুলের চাষ হয়।

বাসে নেয়া হচ্ছে ফুল২০২৩-২৪ অর্থবছরের চলতি রবি মৌসুমে চাষের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। তবে পরিসংখ্যান চলমান থাকায় এ অর্থবছরের ফুল উৎপাদনের হিসাব-নিকেষ এখনো শেষ হয়নি।

ঝিনাদহে হেক্টর প্রতি গড়ে গাঁদা ফুল উৎপাদন হয় এক কোটি ৪০ লাখ ৫০ হাজার পিসের বেশি। প্রতি পিসের দাম ২৫ পয়সা। জেলায় দুই মৌসুমেই ফুলের চাষ হয়। তবে গ্রীষ্মকালীন খরিপ মৌসুমের চেয়ে শীতকালীন রবি মৌসুমে চাষ হয় বেশি।

কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক শহিদুল বলেন, ফুল তোলা, মালাগাঁথা, সুতা, গাড়ি খরচে গাঁদা ফুলের ঝোপা প্রতি খরচ ২৭ টাকা। আর বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা। কখনো ৭০-৮০ টাকা দরে।

গান্না বাজারের ব্যবসায়ী আনিচ জানান, গড়ে প্রতিদিন ৫০ হাজার থেকে লাখ টাকার ফুল কিনে থাকেন তিনি। আর অনুষ্ঠান-দিবস এলে দেড়-দুই লাখ টাকার ফুল কেনেন। এবার শেষ মুহূর্তে ২০০ টাকা ঝোপা দরে ফুল কিনেছেন।

ঝিনাইদহের ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জমির হোসেন জানান, যত উৎসব আছে সেসব উৎসবে এই গাঁদাফুল সবচেয়ে বেশি লাগে। এখানকার গাঁদাফুল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাজারে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ১৪ ফেব্রুয়ারি শুধু ভালবাসা দিবসে ঝিনাইদহে ২ কোটি টাকার গাঁদাফুল বিক্রি হয়েছে। শীত ও গ্রীষ্মকালীন দুটি মৌসুমেই এখানকার চাষিরা ব্যাপকভাবে গাঁদাফুল চাষ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!